জাতিসংঘ-সংশ্লিষ্ট সংস্থাসহ প্রায় ৬৬টি আন্তর্জাতিক সংগঠন থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের ভিত্তিতে এসব সংস্থা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আলজাজিরা, দ্য গার্ডিয়ানসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার (৭ জানুয়ারি) এক নির্বাহী আদেশে ৬৬টি আন্তর্জাতিক সংস্থা, এজেন্সি ও কমিশনে যুক্তরাষ্ট্রের সমর্থন স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এর আগে এসব সংস্থায় যুক্তরাষ্ট্রের ভূমিকা ও অর্থায়ন পর্যালোচনার নির্দেশনা দিয়েছিলেন তিনি।
বুধবার (৭ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে জানান, ট্রাম্প প্রশাসনের পর্যালোচনায় এসব সংস্থা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের পরিপন্থী ও সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে চিহ্নিত হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, ১৪১৯৯-এর আওতায় প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পর্যালোচনায় দেখা গেছে, এসব সংস্থার কার্যক্রম লক্ষ্যহীন, অব্যবস্থাপনায় পূর্ণ এবং অনেক ক্ষেত্রে বিশেষ কোনো মহলের এজেন্ডা বাস্তবায়নে ব্যবহৃত হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে, মার্কিন জনগণের কষ্টার্জিত অর্থ বা সম্পদ এমন কোনো প্রতিষ্ঠানে ব্যয় করা আর সম্ভব নয়, যা থেকে আমেরিকানদের কোনো অর্জন নেই। করদাতাদের বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশের স্বার্থে ব্যয় করার দিন শেষ।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক সংস্থাগুলো শান্তি ও সহযোগিতার লক্ষ্যে এক সময় গঠিত হলেও বর্তমানে তা এক বিশাল গ্লোবাল গভর্ন্যান্স বা বৈশ্বিক শাসন ব্যবস্থায় রূপ নিয়েছে। এসব সংস্থা প্রগতিশীল মতাদর্শ, জলবায়ু সংক্রান্ত গোঁড়ামি এবং জেন্ডার ইক্যুইটি বা লিঙ্গ সমতার মতো প্রচারণায় লিপ্ত থেকে মূল জাতীয় স্বার্থ থেকে বিচ্যুত হয়েছে।
রুবিও অভিযোগ করেন, এসব সংস্থা যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বকে সীমিত করার চেষ্টা করছে। ইউএসএআইডি বন্ধ করার ধারাবাহিকতায় এবার বহুপাক্ষিক এই ‘এনজিও-প্লেক্স’ বা সংস্থাগুলোর জাল ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, যেসব সংস্থা যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক বা অপ্রাসঙ্গিক, সেখানে কূটনৈতিক পুঁজি ও সম্পদ নষ্ট করবে না ওয়াশিংটন। তবে যেখানে জনগণের স্বার্থ রক্ষা হবে, সেখানে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।
আরও বেশ কিছু আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম বর্তমানে পর্যালোচনার অধীনে রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
হোয়াইট হাউজের ওয়েবসাইটে ৬৬টি সংস্থার তালিকা প্রকাশ করা হয়েছে। এগুলোর মধ্যে জাতিসংঘ সংশ্লিষ্ট সংস্থা ৩১টি এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ৩৫টি।
সকাল নিউজ/এসএফ

